দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজন রোগীর মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক জরুরি স্বাস্থ্য বুলেটিনে ও প্রেস বার্তায় এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। আর হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৬০ জন মারা গেছেন। ফলে নিশ্চিত ও উপসর্গসহ চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৪ জনে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলায় একজন করে মারা যান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫২ জনের শরীরে ল্যাব-পরীক্ষিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ২২ হাজার ৫৭৩ জনে পৌঁছেছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ২৬৯ জন রোগী হামের বিভিন্ন লক্ষণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে এসেছেন। ফলে চলতি বছরে এখন পর্যন্ত সন্দেহভাজন ও উপসর্গযুক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ২৯৭ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশুদের সঠিক সময়ে টিকাদান নিশ্চিত করা এবং জ্বর ও শরীরে লালচে র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়াই এই প্রাদুর্ভাব প্রতিরোধের মূল উপায়।
ডিআর




Comments