Image description

প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের জীবনের নতুন অধ্যায়ের সূচনায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে পাশে দাঁড়িয়েছেন হলিউডের বিখ্যাত ‘স্পাইডার-ম্যান’ তারকা টোবি ম্যাগুয়ার। সাবেক স্ত্রীর বিয়েতে কেবল অতিথি হিসেবে উপস্থিত থেকেই ক্ষান্ত হননি, বরং পুরো বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনার মূল দায়িত্বও পালন করেছেন এই অভিনেতা।

সবচেয়ে নজরকাড়া ও চর্চিত বিষয় ছিল—নয়োমি ও জেনিফারের বিয়ের পর চিরাচরিত চুম্বনের মুহূর্তেও একেবারে পাশে দাঁড়িয়ে থেকে হাসিমুখে তা প্রত্যক্ষ করেছেন টোবি। প্রাক্তন দম্পতির এমন বিরল ও আন্তরিক সম্পর্ক ঘিরে বর্তমানে পুরো হলিউড পাড়ায় তোলপাড় চলছে।

গত শনিবার (১০ অক্টোবর) হাওয়াইয়ের বিখ্যাত ‘ফোর সিজনস রিসর্ট লানাই’-এ জুয়েলারি ডিজাইনার জেনিফার মেয়ার ও বিশিষ্ট ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির বর্ণাঢ্য বিয়ের আসর বসে। বর জিয়োফ্রি হলেন নাইজেরিয়ার ধনকুবের আইনজীবী ও আন্তর্জাতিক বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে।

তারকাখচিত এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিউডের তাবৎ হেভিওয়েট ব্যক্তিত্বরা। অতিথিদের তালিকায় ছিলেন পপ ও হলিউড তারকা র‍্যাচেল জো, কোর্টনি কক্স, টোবির ঘনিষ্ঠ বন্ধু লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর স্ত্রী লরেন সানচেজ বেজোসও অনুষ্ঠানে যোগ দিয়ে বর-কনেকে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দীর্ঘ ৯ বছর সংসার করার পর ২০১৬ সালে তাঁরা আলাদা হয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং ২০২০ সালে আইনি বিচ্ছেদের চুড়ান্ত আবেদন করেন। বিচ্ছেদ হলেও তাঁদের ঘরে দুটি সন্তান রয়েছে, যাদের সহ-অভিভাবক হিসেবে তারা যৌথভাবে লালন-পালন করছেন।

বিচ্ছেদের দীর্ঘ সময় পার হলেও প্রাক্তন স্ত্রীর বিশেষ দিনে এমন আন্তরিক উপস্থিতি এবং বিয়ের প্রধান সঞ্চালকের ভূমিকা পালন করায় সামাজিক যোগাযোগমাধ্যমে টোবি ম্যাগুয়ারকে নিয়ে ব্যাপক আলোচনা ও প্রশংসার ঝড় বইছে।

ডিআর