Image description

নেত্রকোনার মদনে মাদক সেবনের সময় পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মদন পৌরসভার সওদাগরপাড়া বালুর মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম।

আটকরা হলেন—মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরা (২৯), হুমায়ুন কবির (৩২), মো. মানিক (৩০) ও তারেক (২৪)।

পুলিশ জানায়, সওদাগরপাড়া বালুর মাঠে অভিযান চালানোর সময় চারজনকে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় আরও চার থেকে পাঁচজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়।

মদন পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান জানান, সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরার আটকের বিষয়টি জেলা সভাপতিকে জানানো হয়েছে। তদন্তের পর জেলা কমিটি তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেবে।

মদন থানার ওসি সালাউদ্দিন করিম বলেন, মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এসএস