Image description

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিন নারী কূটনীতিককে সচিব পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়েছে। বিদেশে বাংলাদেশের মিশনে হাই কমিশনার ও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা এই তিন কর্মকর্তাকে একযোগে পদোন্নতি দেওয়া হয়। সোমবার (১২ অক্টোবর) তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পদোন্নতিপ্রাপ্ত তিন কর্মকর্তা হলেন—ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাই কমিশনার নওরীন আহসান, নিউজিল্যান্ডে বাংলাদেশের হাই কমিশনার সামিনা নাজ এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।

তাদের মধ্যে নওরীন আহসান ও সামিনা নাজ বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। নাহিদা রহমান সুমনা ১৭তম ব্যাচের কর্মকর্তা।

নিউজিল্যান্ডের ওয়েলিংটনে দায়িত্ব নেওয়ার আগে সামিনা নাজ ভিয়েতনাম ও মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ওয়েলিংটনে তিনি বাংলাদেশের প্রথম আবাসিক হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেন।

এর আগে ২০১৩ সালে ভারতের মুম্বাইয়ে বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সামিনা। এ ছাড়া হেগ, দিল্লি ও নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

নাহিদা রহমান সুমনা গ্রিসের এথেন্সে দায়িত্ব নেওয়ার আগে চার বছর ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাই কমিশনার ছিলেন। কূটনৈতিক জীবনে ব্রাসিলিয়া, অটোয়া, কলকাতা ও ক্যানবেরার বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি।

১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন নওরীন আহসান। দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে তিনি প্রিটোরিয়া, হেগ ও অটোয়ায় বাংলাদেশের মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতির আগে যে কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন, সেখানেই দায়িত্ব পালন করবেন।

 এসএস