Image description

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে টানা তৃতীয় দিনের মতো জোরালো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। উদ্ভূত পরিস্থিতিতে বিমানবন্দরে ধারাবাহিক হামলা ঠেকানোয় দেশের প্রযুক্তিসমৃদ্ধ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কেন ব্যর্থ হলো, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে সৌদি আরব কর্তৃপক্ষ।

সোমবার (১২ অক্টোবর) রাতে রিয়াদের বাসিন্দারা বিকট শব্দে একাধিক শক্তিশালী বিস্ফোরণ শুনতে পান। এর কিছুক্ষণ আগেই নাগরিকদের মোবাইল ফোনে আকাশপথে হামলা সংক্রান্ত জরুরি সতর্কবার্তা বা অ্যালার্ট পাঠানো হয়।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইতের একটি সামরিক বিমানঘাঁটিকে লক্ষ্য করে এই সমন্বিত হামলা চালানো হয়েছে। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, রিয়াদ অভিমুখে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং খামিস মুশাইতের দিকে ধেয়ে আসা আরও দুটি ক্ষেপণাস্ত্র সফলভাবে আকাশেই প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

গত শনিবার রিয়াদের প্রধান বিমানবন্দরে হুতিদের নজিরবিহীন হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হন। এরপর রোববারের পরবর্তী হামলায় আরও একজন নিহত ও ১১ জন আহত হন। এই ভয়াবহ ঘটনার পর রিয়াদ বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়, যা আগামী শনিবার (১৭ অক্টোবর) পর্যন্ত স্থগিত থাকতে পারে। ইতোমধ্যে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিভিন্ন এয়ারলাইনস তাদের রিয়াদগামী শত শত ফ্লাইট বাতিল করেছে। হুতিদের পক্ষ থেকে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে, মক্কা ও মদিনা ব্যতীত সৌদি আরবের অন্য সব বিমানবন্দর এবং তেল স্থাপনা তাদের 'বৈধ লক্ষ্যবস্তু' হওয়ায় বিদেশি বিমান সংস্থা ও সাধারণ যাত্রীরা যেন সেখানে যাতায়াত না করেন।

এদিকে এক হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে রিয়াদে পৌঁছানো এসব ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার চরম ব্যর্থতা ভাবিয়ে তুলেছে সৌদি প্রশাসনকে। আঞ্চলিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে—হুতিরা প্রথমে বেশ কিছু ফাঁদ ড্রোন পাঠিয়ে প্রতিরক্ষাব্যবস্থার মনোযোগ নষ্ট করে, এরপর গতিপথ পরিবর্তনে সক্ষম আধুনিক ওয়ারহেড সমৃদ্ধ ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়, যা প্রতিহত করা প্যাট্রিয়ট সিস্টেমের জন্য কঠিন হয়ে পড়েছিল। পাশাপাশি হামলার পূর্বে পর্যাপ্ত আগাম সতর্কতা জারি না হওয়ার কারণটিও গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

ডিআর