Image description

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করতে বড় ধরনের নতুন ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় বার্তা আদান-প্রদানকারী প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। তবে এই নিরাপত্তা সংক্রান্ত পরিবর্তনের কারণে কিছুটা বিপাকে পড়তে পারেন পুরোনো স্মার্টফোন ব্যবহারকারীরা। পুরোনো অপারেটিং সিস্টেমে পরিচালিত স্মার্টফোনে হোয়াটসঅ্যাপে লগইন প্রক্রিয়া ব্লক করার জন্য একটি বিশেষ নিরাপত্তা ফিচার পরীক্ষা করছে মেটার মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সাইবারনিউজের এক প্রতিবেদনে বলা হয়, নতুন এই ফিচারটি কার্যকর হলে কোনো ব্যবহারকারী পুরোনো বা সেকেলে অপারেটিং সিস্টেমে চলা ফোন থেকে হোয়াটসঅ্যাপে নতুন করে প্রবেশ বা লগইন করার চেষ্টা করলে অ্যাপটি ব্যবহারকারীকে আগে ডিভাইসের সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম আপডেট করার তাগিদ দেবে। ফোনের অপারেটিং সিস্টেম সফলভাবে আপডেট সম্পন্ন করার পরেই কেবল হোয়াটসঅ্যাপে প্রবেশ করা সম্ভব হবে।

সাধারণত হোয়াটসঅ্যাপ অ্যাপের নিজস্ব সংস্করণ আপডেট করার বাধ্যবাধকতা থাকলেও, এবার সরাসরি ফোনের অপারেটিং সিস্টেম (অ্যান্ড্রয়েড কিংবা আইওএস) আপডেট রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। বর্তমানে সীমিতসংখ্যক নির্বাচিত ব্যবহারকারীর অ্যাকাউন্টে পরীক্ষামূলকভাবে (বিটা ভার্সন) ফিচারটির কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। তবে ঠিক কোন সংস্করণ বা কত পুরোনো অপারেটিং সিস্টেম থেকে এই বিধিনিষেধ কার্যকর হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করেনি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

সফটওয়্যার হালনাগাদ না করার ঝুঁকি নিয়ে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, পুরোনো মোবাইল অপারেটিং সিস্টেমে মারাত্মক নিরাপত্তা ত্রুটি থেকে যায়, যা ব্যবহারকারীর পুরো ডিভাইসকে ক্ষতিকারক ম্যালওয়্যার ও সাইবার হামলার ঝুঁকিতে ফেলে দেয়। অ্যাপের আধুনিকতম সংস্করণ ইনস্টল করা থাকলেও ফোনের মূল অপারেটিং সিস্টেম সেকেলে হলে সার্বিক নিরাপত্তার ঝুঁকি থেকে যায়। তাই ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের নিয়মিত ফোন আপডেট রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

এ ছাড়া চ্যাট প্রাইভেসি বাড়াতে আরও একাধিক নতুন ফিচার নিয়ে কাজ করছে প্ল্যাটফর্মটি। এর মধ্যে রয়েছে ‘রেস্ট্রিক্টেড চ্যাট’ সুবিধা, যার মাধ্যমে সুনির্দিষ্ট কিছু সংবেদনশীল কথোপকথন ও মিডিয়া ফাইলের অ্যাক্সেস আরও সুরক্ষিত রাখা যাবে। পাশাপাশি নতুন চ্যাট প্রাইভেসি ফিচারের অধীনে চ্যাট এক্সপোর্ট বন্ধ করা, স্বয়ংক্রিয় মিডিয়া ডাউনলোড নিয়ন্ত্রণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত ফিচারের ব্যবহার সীমিত করার মতো সুবিধাও যুক্ত হতে যাচ্ছে।

ডিআর