Image description

"ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

কর্মসূচির অংশ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া প্রদর্শন করেন। মহড়ায় আগুন লাগলে কীভাবে দ্রুত ও নিরাপদে আগুন নিয়ন্ত্রণ করতে হয়, অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার এবং আগুনের ঝুঁকি এড়াতে করণীয় সম্পর্কে হাতে-কলমে দেখানো হয়।

এ ছাড়া রান্নার গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, সে বিষয়েও প্রদর্শনী করা হয়। এ সময় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট আগুনের ঝুঁকি, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং পরিস্থিতি বিপজ্জনক হলে দ্রুত নিরাপদ স্থানে সরে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়ার বিষয়ে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, বাঘা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির (অতিরিক্ত দায়িত্বে, চারঘাট), চারঘাট মডেল থানার (ওসি) আব্দুন নূর, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিগন।

এসএ