Image description

রংপুরের মিঠাপুকুরে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের মামলার প্রধান আসামি সাঈদ মিয়া (১৮) কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত ১১ অক্টোবর রাতে ঢাকার সাভারের রাজফুলবাড়ীয়া এলাকার রংপুরিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাঈদ মিয়া মিঠাপুকুর উপজেলার গিরাই গ্রামের হাফিজার রহমানের ছেলে।

জানা যায়, ভুক্তভোগী কিশোরী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। গত ১১ জুন ফুফুর বাড়িতে যাওয়ার পথে সে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে জানতে পারেন, ওই দিন বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে সাঈদ মিয়া কয়েকজন সহযোগীকে নিয়ে একটি অটোরিকশায় করে কিশোরীকে অপহরণ করে নিয়ে যান ।

এ ঘটনায় কিশোরীর বাবা প্রথমে থানায় নিখোঁজসংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে মেয়েকে উদ্ধারের বিষয়ে কথা বলতে সাঈদের বাড়িতে গেলে তার পরিবারের সদস্যরা কিশোরীর সঙ্গে সাঈদের বিয়ের কথা বলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় কিশোরীর পরিবারের সদস্যদের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়।

দীর্ঘদিন পর গত ১১ অক্টোবর কিশোরীর বাবা মিঠাপুকুর থানায় অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন। 

এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এবং সিপিসি-৩, এসআরবি-৪, মানিকগঞ্জের একটি যৌথ আভিযানিক দল গত ১১ অক্টোবর রাত ১০টা ৪০ মিনিটে সাভার থানাধীন রাজফুলবাড়ীয়া এলাকার রংপুরিয়া বাজারে অভিযান চালিয়ে সাঈদ মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসএ