Image description

কুশাল মেন্ডিসের রেকর্ড গড়া ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে সান্ত্বনার জয় পেয়েছে শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে সফরকারীরা।

তবে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল পাকিস্তান। প্রথম ম্যাচে ১৮২ রান করেও ৪ উইকেটে হারে শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ২১৫ রান করলে জবাবে ৭ উইকেটে ১৩৩ রান করতে পারে শ্রীলঙ্কা। ফলে ৮২ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা।

মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে কুশাল মেন্ডিসের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৭ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

৪৮ বলে ৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কুশাল মেন্ডিস। এই ইনিংসের পথে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রানের মালিক হন তিনি। ম্যাচের আগে ২৭৮৪ রান নিয়ে শীর্ষে থাকা পাথুম নিশাঙ্কাকে ছাড়িয়ে মেন্ডিসের সংগ্রহ দাঁড়িয়েছে ২৭৯১ রান।

শ্রীলঙ্কার হয়ে জয়ের পথে কামিন্দু মেন্ডিস ২৭ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। সিনেথ জয়াবর্ধনে করেন ২৬ বলে ২৮ রান।

এসএস