Image description

সাবেক স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মনিরুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ১৯ কোটি ৪৭ লাখ টাকার বেশি অর্থ রয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমি এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহম্মেদ।

আদালতের আদেশে মনিরুল ইসলাম ছাড়াও তার স্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পার ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

দুদকের আবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, মনিরুল ইসলামের ১১টি ব্যাংক হিসাবে ৭৮ লাখ ৬০ হাজার ৭২৮ টাকা ও ৩ হাজার ৯৭৮ ব্রিটিশ পাউন্ড রয়েছে। তার স্ত্রী সায়লা ফারজানার পাঁচটি হিসাবে জমা আছে ৮ লাখ ২ হাজার ৬৭০ টাকা।

অন্যদিকে, রেজাউল আলম শাহীনের ৪০টি ব্যাংক হিসাবে ১০ কোটি ৬০ লাখ ৩৭ হাজার ৩৮২ টাকা এবং সানজিদা খানম টুম্পার ২৭টি হিসাবে ৮ কোটি ২২ লাখ ৫১ টাকা রয়েছে।

ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন দুদকের উপপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান মোজাম্মিল হোসেন। আবেদনে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে ২৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া জঙ্গিবাদের তকমা দিয়ে কুয়েত সোসাইটি ফর রিলিফ ও শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল নামের দুটি এনজিওর নিয়ন্ত্রণ নিয়ে অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজেদের ও পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়েছে।

দুদকের দাবি, প্রাথমিক অনুসন্ধানে মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ অর্জন এবং তা ভোগদখলে রাখার তথ্য পাওয়া গেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাদের অবৈধ সম্পদ থাকার তথ্যও আবেদনে উল্লেখ করা হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, অনুসন্ধানে সংগৃহীত নথিপত্রে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে একাধিক ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। এসব হিসাব থেকে অর্থ উত্তোলন করে বিদেশে পাচারের চেষ্টা চলছে বলেও আবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়।

অর্থ স্থানান্তর কিংবা সম্পত্তি হস্তান্তর করা হলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে উল্লেখ করে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার প্রয়োজনীয়তা তুলে ধরে দুদক। এর পরিপ্রেক্ষিতেই আদালত হিসাবগুলো অবরুদ্ধ করার আদেশ দেন।

তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের আদেশ ব্যাংক হিসাব অবরুদ্ধ করার পদক্ষেপ; অভিযোগগুলো প্রমাণিত হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

এসএ