Image description

নেত্রকোনার সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের নোয়াপাড়া এলাকার একটি জঙ্গল থেকে হাত-পা ও মুখ কাপড় দিয়ে বাঁধা অবস্থায় রুকন মিয়া (৪০) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সিংহের বাংলা ইউনিয়নের নোয়াপাড়া এলাকার বুইদার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুকন মিয়া নেত্রকোনার মদনপুর এলাকার গিটুর পাড়ার হোসেন আলীর ছেলে। তাঁর শ্বশুরবাড়ি নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী এলাকায়। তিনি পরিবার নিয়ে নেত্রকোনা শহরের কুরপাড় এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে রুকন মিয়া ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

বৃহস্পতিবার দুপুরে সিংহের বাংলা ইউনিয়নের একটি জঙ্গলে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে তাঁরা মরদেহটি রুকন মিয়ার বলে শনাক্ত করেন।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রুকন মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে তাঁর ইজিবাইকটির সন্ধান পাওয়া গেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, “দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্ত শেষে রুকন মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এসএ