Image description

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আটক আসামি ছিনিয়ে নিতে হামলা চালিয়েছে একদল মাদককারবারি। এ সময় রামদায়ের কোপে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—রেলওয়ে পুলিশের সহকারী ট্রাফিক সার্জেন্ট নুরুল হক ও কনস্টেবল আশিকুর রহমান। তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ৫৮টি ইয়াবাসহ শিমলা (২২) ও আনিস (১৮) নামে দুজনকে আটক করা হয়। পরে তাদের স্টেশনসংলগ্ন রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।

এর কিছুক্ষণ পর ১০-১২ জনের একটি দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালায়। তারা আটক দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে হামলাকারীরা ফাঁড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশ সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। এ সময় রামদায়ের কোপে দুই পুলিশ সদস্য আহত হন।

খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ি ও সদর মেট্রো থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, আটক দুজনের কাছ থেকে ৫৮টি ইয়াবা ও ১১ হাজার টাকা জব্দ করা হয়েছে। হামলার ঘটনায় ঢাকার রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

এসএস