Image description

সব ধর্মের মানুষ যেন স্বাধীনভাবে ও নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ বিভিন্ন ধর্মের মানুষের সুন্দর সমন্বয়ে গড়ে ওঠা একটি দেশ। সংবিধান ও সমাজে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে এবং নির্বিঘ্নে পালনের অধিকার রয়েছে। জামায়াতের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা রক্ষা করবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

তিনি বলেন, ৫৫ হাজার বর্গমাইলের বাংলাদেশ যুগে যুগে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। দীর্ঘদিন ধরে এ দেশের সব সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও শ্রদ্ধাবোধ বজায় রেখে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছেন।

জামায়াত আমির আশা প্রকাশ করেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সবাই পূর্ণ স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে আনন্দঘন পরিবেশে উদ্‌যাপন করতে পারবেন।

তিনি আরও বলেন, অতীত ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে। এ লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ও সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এসএস