Image description

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গত বুধবার (১৪ অক্টোবর) এই তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই নাগরিক হলেন নজরুল ইসলাম আবদুল বাসির এবং সিতি আখতার।

সংশ্লিষ্ট কূটনৈতিক ও সৌদি পুলিশ সূত্র জানায়, মক্কার একটি মসজিদের অভ্যন্তরে অশালীন কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয় নিরাপত্তা বাহিনী তাঁদের হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রাথমিক তদন্তে অপরাধ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।

সৌদি আরবের বিচারালয়ে ইসলামি শরিয়াহ আইনের অধীন ‘তাআজির’ (বিচারকের স্বেচ্ছাধীন শাস্তি প্রদান) বিধানের আওতায় অপরাধের ভয়াবহতা ও স্থান বিবেচনা করে আদালত তাঁদেরকে মৃত্যুদণ্ডের চূড়ান্ত আদেশ দেন। পবিত্র মসজিদের ভাবমূর্তি ও মর্যাদা চরমভাবে ক্ষুণ্ন করায় বিচারক এই কঠোরতম রায় প্রদান করেন।

আদালতের দেওয়া ওই রায় পরবর্তীতে দেশটির উচ্চতর বিচার বিভাগীয় কর্তৃপক্ষ ও সর্বোচ্চ আদালতে বহাল রাখা হলে তা চূড়ান্ত আইনি রূপ লাভ করে। এরপর রাজকীয় ডিক্রি (রয়্যাল ডিক্রি) জারির পর বুধবার মক্কা অঞ্চলে নির্ধারিত প্রক্রিয়ায় ওই দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ঘটনার পর এক বিশেষ বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পবিত্র স্থানগুলোর নিরাপত্তা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ধর্মীয় পবিত্রতা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শরিয়াহ আইন কঠোরভাবে কার্যকর করার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। একই সাথে ধর্মীয় স্থানে এ ধরণের অপকর্মের পুনরাবৃত্তি ঘটলে প্রচলিত আইনে সর্বোচ্চ কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ডিআর