আমরা সবাই বাংলাদেশি
শালিখায় দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক থাকার নির্দেশ এসপির
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন মাগুরার পুলিশ সুপার (এসপি) মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা। তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের ওপর ন্যস্ত। সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি।”
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় মাগুরার শালিখা থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্রিফিং প্যারেডে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা যেন আনন্দঘন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপন করতে পারেন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুন্সি আনিচুর রহমান মিল্টন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহাফুজুর রহমান, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ, দৈনিক একতার সম্পাদক মুন্সী হাবিবুল্লাহ, উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ চন্দ্র বিশ্বাস ও সদস্য সচিব সুমন বিশ্বাসসহ অনেকে।
এ সময় শালিখা থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পুলিশের তদন্ত কর্মকর্তা দেবব্রত রায়।
এসএ




Comments