রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ৭ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে এই ভূকম্পন রেকর্ড করা হয়। ভূমিকম্পের সময় সাময়িকভাবে আতঙ্কের সৃষ্টি হলেও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ইএমএসসির দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১৪০ কিলোমিটার (৮৬.৯৯ মাইল) গভীরে। ভূকম্পনটির উপকেন্দ্র ছিল ভিলিউচিনস্ক শহরের প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূগর্ভস্থ অনেক গভীরে কম্পন সৃষ্টি হওয়ায় এবং উপকেন্দ্র লোকালয় থেকে দূরে থাকায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র নিশ্চিত করেছে যে, এই কম্পনের প্রভাবে সুনামির কোনো আশঙ্কা নেই।
এদিকে এই ঘটনার পরপরই পার্শ্ববর্তী দেশ জাপানে তৈরি হয় বড় ধরনের বিভ্রান্তি ও আতঙ্ক। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) যান্ত্রিক ত্রুটির কারণে ভুল করে ৯.৯ মাত্রার এক প্রলয়ংকরী ভূমিকম্পের পূর্বাভাস ও আগাম সতর্কতা জারি করে ফেলে। সংস্থাটির প্রকৃত পরিমাপে দেখা যায় ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬.৯ মাত্রা।
যদি জাপানের প্রকাশিত সেই সতর্কবার্তাটি সঠিক হতো, তবে সেটি হতো মানবইতিহাসের রেকর্ডকৃত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। কারণ এর আগে যন্ত্রের সাহায্যে জানা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূকম্পন ছিল ১৯৬০ সালের ৯.৫ মাত্রার ভালদিভিয়া ভূমিকম্প।
উল্লেখ্য, রাশিয়ার কামচাটকা উপদ্বীপটি প্রশান্ত মহাসাগরের চরম ভূকম্পনপ্রবণ টেকটোনিক বলয় 'রিং অব ফায়ার'-এ অবস্থিত। অঞ্চলটিতে ঘন ঘন ছোট-বড় ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে থাকে।
ডিআর




Comments