Image description

আলোচিত অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা চমকপ্রদ পোস্ট দিয়ে প্রায়ই ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেন তিনি।

ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করে চমক ক্যাপশনে লেখেন, ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’ আর এতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা।

তবে ছবিগুলোতে চোখ রাখতেই সামনে আসে অন্য এক গল্প। চমকের সঙ্গে সেখানে দেখা গেছে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে। তাদের একসঙ্গে এমন উপস্থিতি ঘিরেই তৈরি হয়েছে নতুন কৌতূহল।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, একটি সুসজ্জিত হোটেলকক্ষে আরিফিন শুভর সঙ্গে সময় কাটাচ্ছেন চমক। একটি ছবিতে দুজনকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দি হতে দেখা যায়। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে আরেকটি ছবি, যেখানে চমককে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছেন শুভ।

বিষয়টি নিয়ে চমক বলেন, ‘আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।’ চমক এ বিষয়ে ইঙ্গিত দিলেও এখনো মুখ খোলেননি আরিফিন শুভ।

এদিকে চমকের রহস্যময় ক্যাপশন ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে নানা জল্পনা। কেউ বিষয়টিকে নতুন কোনো নাটক বা সিনেমার প্রচারণার অংশ বলে মনে করছেন, আবার কেউ খুঁজছেন এর পেছনে অন্য কোনো গল্প। তবে ছবিগুলো নতুন কোনো কাজের দৃশ্য কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাই রহস্যের জট খুলতে চমকের পরবর্তী ঘোষণার অপেক্ষায় থাকতে হচ্ছে ভক্তদের।
এমআর