দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানিয়েছেন তিনি।
২০২১ সালের অক্টোবরের পর আর ভারতের হয়ে খেলার সুযোগ পাননি পুনম। তবে জাতীয় দলের হয়ে তার পারফরম্যান্স এবং বিশেষ করে ২০১৭ সালের নারী বিশ্বকাপের স্মৃতি ভারতীয় ক্রিকেটে তাকে আলোচনায় রেখেছে।
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল পুনমের। দীর্ঘ ক্যারিয়ারে ভারতের হয়ে চারটি টেস্ট, ৭৩টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
টেস্টে তার সংগ্রহ ২৬৪ রান। ওয়ানডেতে করেছেন ২ হাজার ২৯৯ রান এবং টি-টোয়েন্টিতে তার রান ৭১৯। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত খেলার সুযোগ না পেলেও ব্যাট হাতে বেশ কিছু স্মরণীয় ইনিংস উপহার দিয়েছেন এই ভারতীয় ক্রিকেটার। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের প্রতিনিধিত্ব করেছেন পুনম।
পুনমের আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায় ২০১৭ সালের নারী বিশ্বকাপ। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই আসরে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। টুর্নামেন্টে তার সংগ্রহ ছিল ৩৮১ রান।
ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের শিরোপা জেতা হয়নি। তবে কঠিন সেই ম্যাচে ৮৬ রানের ইনিংস খেলেছিলেন পুনম। বিশ্বকাপের মঞ্চে তার এই পারফরম্যান্স ক্যারিয়ারের স্মরণীয় অর্জনগুলোর একটি হয়ে রয়েছে।
অবসরের বার্তায় নিজের ক্রিকেটযাত্রার নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন পুনম। তার ভাষায়, মুম্বাইয়ের ক্রিকেটের পরিসর থেকে ভারতীয় দলের জার্সি গায়ে তোলা পর্যন্ত পুরো পথচলা ছিল বিশেষ প্রাপ্তির।
নিজের বিদায়বার্তায় তিনি লেখেন, ‘মুম্বাইয়ের রাস্তা থেকে ভারতীয় জার্সি পরা পর্যন্ত এই যাত্রা আশীর্বাদের চেয়ে কম কিছু ছিল না। এই সফরে ছিল অনেক ত্যাগ, লড়াই, কখনো না ভোলার মতো জয় এবং কঠিন শিক্ষা; যে মুহূর্তগুলো সারা জীবন আগলে রাখব।’
ভারতের প্রতিনিধিত্ব করাকে কেবল স্বপ্নপূরণ নয়, বরং বিশেষ সৌভাগ্য হিসেবেও দেখেন পুনম। জাতীয় দলের হয়ে দায়িত্ব পালনের সুযোগ তিনি গর্বের সঙ্গে গ্রহণ করেছিলেন বলে জানিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায় শেষ করার মুহূর্তে নিজের পাশে থাকা মানুষদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক এই ব্যাটার। তার ওপর আস্থা রাখা এবং ক্রিকেটজীবনের বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করা প্রত্যেকের অবদান স্মরণ করেছেন তিনি।
এমআর




Comments