Image description

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নতুন করে নিশ্চিত হামে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। একই সময়ে সারা দেশে হাম শনাক্ত ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৫ জন আক্রান্ত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টার সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন বিভাগে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে সর্বমোট ১ হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হামের কারণে মারা গেছেন ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৫ জনের।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে ৮৫ জনের শরীরে সরাসরি হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৭ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫০ জনের শরীরে হামের বিভিন্ন উপসর্গ পাওয়া গেছে। এর ফলে এ পর্যন্ত মোট সন্দেহভাজন বা উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯০ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং শিশুদের নির্ধারিত সময়ে টিকা গ্রহণসহ প্রাথমিক উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।

ডিআর