গাজীপুরের বেলাই-বিল থেকে স্কুল ড্রেস পরা অজ্ঞাতপরিচয় এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড় কয়ের পশ্চিমপাড়া এলাকায় একটি পিকনিক স্পটের পাশের বেলাই-বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শনিবার সকালে স্থানীয়রা বিলের পানিতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে জয়দেবপুর থানার আমতলী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আমতলী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাবলু দৈনিক মানবকণ্ঠকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মেয়েটির বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর। তার পরনে স্কুল ড্রেস ছিল।
ধর্ষণের কোনো আলামত পাওয়া গেছে কি না, জানতে চাইলে এসআই বাবলু বলেন, প্রাথমিকভাবে এমন কোনো আলামত পাওয়া যায়নি। তবে মেয়েটির পরনে জামা থাকলেও সালোয়ার ছিল না।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের পর মৃত্যুর কারণসহ এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।পাশাপাশি মেয়েটির পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।
এসএ




Comments