বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি বা দল কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। উপযুক্ত প্রস্তাব, দর-কষাকষি ও আনুষঙ্গিক সব প্রক্রিয়া মিললেই বিপিএলে দল নিতে চান তিনি।
আবুধাবিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ চলাকালে বাংলাদেশি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সামিন রানা বলেন, “বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছাকাছি। আমি বিপিএল বা বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ খুঁজছি। সবকিছু আসলে নির্ভর করছে কী ধরনের সুযোগ সামনে আসে তার ওপর। উপযুক্ত সুযোগ পেলে আমি বিপিএলের অংশ হতে পছন্দ করবো।”
বিপিএলের সম্ভাবনা নিয়ে তিনি আরও বলেন, “বিপিএল একটি চমৎকার টুর্নামেন্ট। আমি জানি সম্প্রতি টুর্নামেন্টটি কিছু কঠিন সময় পার করছে। তবে বাংলাদেশ ও পাকিস্তানের মানুষের মধ্যে ক্রিকেট নিয়ে যে আবেগ রয়েছে, তাতে এ ধরনের লিগ আয়োজনে সমস্যা হওয়ার কথা নয়।”
বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে আলোচনার কথা জানিয়ে লাহোর কালান্দার্সের এই মালিক বলেন, “তামিম ভাইয়ের সঙ্গে আমার অভিজ্ঞতা ও চিন্তাভাবনা বিনিময়ের বিষয়ে কথা হয়েছে। আমি গত ১১ বছর ধরে পিএসএল ছাড়াও দক্ষিণ আফ্রিকার জিএল২০, টি-টেন লিগ এবং ক্রিকেট কানাডার সঙ্গে কাজ করছি। বছরের পর বছর ধরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট পরিচালনায় আমাদের যে অভিজ্ঞতা তৈরি হয়েছে, তা শেয়ার করেছি—কীভাবে এই টুর্নামেন্টকে আরও উন্নত করা যায়।”
তিনি আরও যোগ করেন, “যদি এমন কোনো সুযোগ তৈরি হয় যা উভয় পক্ষের জন্যই লাভজনক পরিস্থিতি তৈরি করে, তবে আমি অবশ্যই বিপিএলের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত হবো।”
ডিআর




Comments