বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় অস্ত্র সরবরাহের অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) দিল্লি ও হরিয়ানা থেকে তাদের আটক করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। পরে আদালতের অনুমতি নিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন কুনাল (২১), সুমিত (১৯), রাধা (২৩) ও বাবিতা (২৩)। আদালত তাদের জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই পুলিশের তিন দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশের দাবি, অনিল পণ্ডিতের নির্দেশে কুনাল অমৃতসর থেকে একটি পিস্তল ও ২০ রাউন্ড গুলি সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সুমিত। পরে রাধা ও বাবিতা ওই অস্ত্র নিয়ে মুম্বাই যান বলে অভিযোগ পুলিশের।
এর আগে গত ১৮ অক্টোবর সন্ধ্যায় ফুটবল খেলে একটি ক্লাব থেকে বের হওয়ার সময় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালান তিন হামলাকারী। পরদিন রাজস্থানের কোটা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তারা নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন।
মুম্বাই পুলিশের অপরাধ শাখার ভাষ্য, হামলাকারীদের মূল লক্ষ্য ছিলেন বলিউডের অন্য এক প্রভাবশালী তারকা। কঠোর নিরাপত্তার কারণে সেখানে হামলা চালাতে না পেরে তারা টাইগার শ্রফকে তুলনামূলক সহজ লক্ষ্য মনে করে তার গাড়িতে গুলি চালান।
এসএস




Comments