Image description

ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনা আগামী মাসে আবার শুরু করতে সম্মতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (২১ অক্টোবর) ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ক্রেমলিন জানিয়েছে, প্রস্তাবিত আলোচনা কারিগরি পর্যায়ে হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আগামী ১০ নভেম্বর বা এর পর যেকোনো সময় আলোচনা শুরুর সম্ভাবনা রয়েছে। যুদ্ধ শেষ হলে ইউক্রেন ও রাশিয়ার নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে আলোচনায় গুরুত্ব দেওয়া হবে।

বৈঠকের শুরুতে সদিচ্ছার নিদর্শন হিসেবে রাশিয়া অবসরপ্রাপ্ত মার্কিন স্কুলশিক্ষক স্টিফেন হাবার্ডকে মুক্তি দেয়। তাঁকে মুক্তি দিতে পুতিনের প্রতি অনুরোধ জানিয়েছিলেন ট্রাম্প।

এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সর্বশেষ শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। তবে যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এখনো বড় ব্যবধান রয়েছে।

প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ জানান, আলোচনার কিছু বিষয় রাশিয়াকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি। অন্যদিকে, মার্কিন কর্মকর্তাদের দাবি, ইউক্রেন আলোচনায় নতুন কিছু ধারণা ও প্রস্তাব দিয়েছে।

এসএস