রাজধানীর ভাটারায় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে চার বোতল মদ, একটি ইয়াবা বড়ি ও সামান্য পরিমাণ গাঁজা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়, যাঁদের মধ্যে ২৬ জন নারী।
সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার তিনতলা বাড়িটিতে অভিযান চালানো হয়। বাড়িটির মালিক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল্লাহ আল জহির। অভিযানের পর তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
ডিবির জব্দ তালিকা অনুযায়ী, উদ্ধার করা চার বোতলের মধ্যে একটি খালি ছিল। অন্য তিনটি বোতলে আংশিক মদ পাওয়া যায়। এর মধ্যে একটি বোতলে প্রায় ৫০০ মিলিলিটার এবং অন্যটিতে প্রায় ২০০ মিলিলিটার মদ ছিল। এ ছাড়া একটি ইয়াবা বড়ি, ইয়াবা সেবনের সরঞ্জাম ও সামান্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
দীর্ঘদিন ধরে বাড়িটিতে মাদক সেবন ও ডিজে পার্টি চলার অভিযোগের বিপরীতে উদ্ধার করা মাদকের পরিমাণ কম হওয়ায় ডিবির কয়েকজন কর্মকর্তা বিস্ময় প্রকাশ করেছেন।
অভিযানের নেতৃত্বে থাকা ডিবি উত্তরা বিভাগের উপকমিশনার ইলিয়াস কবীর বলেন, অভিযান চালানোর আগে আটক ব্যক্তিরা মদ ও ইয়াবা সেবন করে ফেলেছিলেন। ফলে অবশিষ্ট মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
ডিবি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ২০২৫ সাল থেকে বাড়িটিতে নিয়মিত পার্টির আয়োজন করা হতো। বাড়িটির পাঁচটি কক্ষ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ভাড়া দেওয়া হতো। এক দিনের জন্য পুরো বাড়ি ভাড়া নিতে খরচ হতো ১৮ হাজার ৫০০ টাকা। পার্টিতে অংশ নেওয়া প্রত্যেকের কাছ থেকে নেওয়া হতো ৬০০ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তিদের সংক্ষিপ্ত বিচারে সাজা দেওয়া হয়েছে। নারীদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং পুরুষদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসএস




Comments