দক্ষিণ আফ্রিকার কেপটাউনে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় মারুফ বেপারি (৪৩) নামে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাতে বুস্টার এলাকায় নিজের দোকানে এ ঘটনা ঘটে। নিহত মারুফ শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের পশ্চিম সিড্যা এলাকার আব্দুস সোবহান বেপারির ছেলে। তিনি প্রায় ১৪ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ছিলেন এবং সেখানে ব্যবসা করতেন।
নিহতের পরিবারের দাবি, একটি সশস্ত্র গোষ্ঠী প্রতি মাসে ৫০০ র্যান্ড চাঁদা দাবি করত। গত তিন মাসের মধ্যে দোকান এক মাস খোলা থাকায় মারুফ শুধু এক মাসের চাঁদা দিতে চেয়েছিলেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার পর দুর্বৃত্তরা অস্ত্র নিয়ে ফিরে এসে তাকে গুলি করে পালিয়ে যায়।
মারুফের মরদেহ দক্ষিণ আফ্রিকার স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।
এসএস




Comments