Image description

সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবি সংবলিত একটি পোস্টে ‘ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—এমন বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার হওয়া মো. আবু বকর সিদ্দিক (২২) নামে এক যুবককে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ রিমান্ড আদেশ দেন।

আদালতে শুনানিকালে আসামি আবু বকর সিদ্দিক আত্মপক্ষ সমর্থনে বলেন, “কমেন্টটি মজা করে করেছি। আমার কোনো উদ্দেশ্য ছিল না, ভুল হয়ে গেছে।”

এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইয়াছিন পাইক ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সামছুদ্দোহার সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, “আসামি আদালতে বলেছে তার ভুল হয়ে গেছে। কিন্তু দেশের সরকারপ্রধানের বাসের ছবিতে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা নিছক কোনো সাধারণ বিষয় বা রসিকতা হতে পারে না। এই মন্তব্যের নেপথ্যে গভীর কোনো চক্রান্ত রয়েছে কি না, তা উদঘাটনে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন।”

ডিবি পুলিশের রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আসামির ব্যবহৃত মোবাইল ও ডিজিটাল ডিভাইস পরীক্ষা করে বিভিন্ন পেজ ও গ্রুপে আপত্তিকর তথ্যের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনার নেপথ্যে কোনো সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী, স্নাইপার বা অস্ত্র সরবরাহকারী চক্র কিংবা কোনো মাস্টারমাইন্ড জড়িত রয়েছে কি না এবং বাংলাদেশের সার্বভৌমত্ব ও সংহতি বিপন্ন করার চক্রান্ত চলছে কি না, তা খতিয়ে দেখতে তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

মামলার নথি সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর ফেসবুকে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামক একটি গ্রুপে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী একটি বাসের তিনটি ছবি পোস্ট করা হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের আইডি থেকে ওই বিতর্কিত কমেন্টটি করা হয়।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ রাজশাহী মহানগরীর পবা থানার ঘোলহাড়িয়া দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এসআই মো. মানিক হোসেন বাদী হয়ে রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

ডিআর