ঢাকার কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার আপ্রাণ চেষ্টায় সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এক পুরুষ নিহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে নারিকেল বাগ এলাকার ‘আমান প্লাস্টিক কারখানা’-য় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই কারখানার ভেতরে থাকা দাহ্য প্লাস্টিক সামগ্রী ও রাসায়নিক দ্রব্যের কারণে আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুনের তীব্রতা বাড়তে থাকে।
খবর পাওয়ার মাত্র ৭ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় একে একে পোস্তগোলা, কেরানীগঞ্জ ও আশপাশের স্টেশন থেকে আরও ৭টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ৮টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দেড় ঘণ্টা পর দুপুর ২টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন অগ্নিনির্বাপণ কর্মীরা। আগুন নিয়ন্ত্রণের পর কারখানার ভেতর থেকে এক পুরুষের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে, কীভাবে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছিল এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
ডিআর




Comments