রাষ্ট্রায়ত্ত খাতের গুরুত্বপূর্ণ তিন ব্যাংক—জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। আর্থিক খাতের শৃঙ্খলা ফেরানো ও ব্যাংকগুলোর শীর্ষ ব্যবস্থাপনায় নতুন গতি আনার অংশ হিসেবে এই রদবদল আনা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তারের সই করা পৃথক প্রজ্ঞাপনে তিন বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী নতুন নিয়োগপ্রাপ্ত ব্যাংক প্রধানগণ হলেন:
জনতা ব্যাংক পিএলসি: বেসরকারি সাউথইস্ট ব্যাংক পিএলসির সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. মাহবুব আলমকে জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অগ্রণী ব্যাংক পিএলসি: যমুনা ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদকে অগ্রণী ব্যাংকের নতুন এমডি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
বেসিক ব্যাংক লিমিটেড: জনতা ব্যাংকের বর্তমান উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদাকে পদোন্নতি ও বদলি করে বেসিক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (সংশোধিত) ও সংশ্লিষ্ট নিয়মনীতি অনুসরণ করে নিয়োগপ্রাপ্ত এসব এমডি আগামী তিন বছর স্ব স্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
ডিআর




Comments