Image description

‘কুড়িগ্রামের সার্বিক উন্নয়নের অংশীদার হিসেবে, পেশাদারিত্বে গণমানুষের হৃদয়ে চির অম্লান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৫৯ বছর পূর্ণ করেছে কুড়িগ্রাম প্রেসক্লাব। এ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি ও কেক কাটার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সম্মেলনকক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, দৈনিক বাংলার মানুষ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, দীপ্ত টেলিভিশনের ইউনুছ আলী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, এনটিভির হাসিবুর রহমান হাসিব, ৭১ টিভির রাজু মোস্তাফিজ, চ্যানেল আইয়ের শ্যামল ভৌমিক, ইত্তেফাকের ফজলে ইলাহী স্বপন, নয়া দিগন্তের রেজাউল করিম রেজা, মাই টিভির আশরাফুল হক রুবেল, মানবজমিনের মিজানুর রহমান মিন্টু, সময় টিভির বাদশা সৈকত, ডিবিসির ওয়াহেদুজ্জামান তুহিন, সময়ের আলোর তৌহিদুল ইসলাম বকশী ঠান্ডা, জাগো বাহে পত্রিকার সম্পাদক রেজাউল করিম রেজা, সকালের সময়ের ফিরোজ আলম মনু, স্বদেশ প্রতিদিনের শাহীন আহমেদ, ডেইলি সানের আব্দুল ওয়াহেদ, নিউ এজের গোলাম রব্বানী এবং ভোরের ডাকের এম রহমান রঞ্জুসহ অনেকে।

সভাপতির বক্তব্যে সফি খান বলেন, “দীর্ঘ ৫৯ বছর ধরে কুড়িগ্রাম প্রেসক্লাব এ অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা সাহসিকতার সঙ্গে তুলে ধরে আসছে। জেলার প্রতিটি সংকট ও অর্জনে গণমাধ্যমকর্মীরা সব সময় সামনের সারিতে থেকে দায়িত্ব পালন করেছেন। আগামী দিনেও কুড়িগ্রামের স্থায়ী নদীভাঙন প্রতিরোধ, দারিদ্র্য বিমোচনসহ অঞ্চলের সব উন্নয়নমূলক কর্মকাণ্ডে কুড়িগ্রাম প্রেসক্লাব আরও জোরালো ভূমিকা পালন করবে।”

তিনি জেলার সার্বিক অগ্রযাত্রায় দলমত-নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৫৯ বছর ধরে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জেলার উন্নয়ন, সম্ভাবনা ও সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে কুড়িগ্রাম প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামীতেও পেশাদারত্ব বজায় রেখে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন অতিথিরা।

এসএ