Image description

অরুণাচল প্রদেশ নিয়ে ভারতীয় সেনাবাহিনীর খণ্ডন করা একটি ভুয়া ও ‘ডিপফেক’ (Deepfake) ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রধান বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ও অরিচাঞ্চলের সংসদ সদস্য কিরেন রিজিজু। সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে লিপ্ত থাকার অভিযোগে কংগ্রেসের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

বিহারের কংগ্রেস মুখপাত্র ঋতু চৌধুরী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ভিডিও ক্লিপ শেয়ার করেন। প্রথমটিতে দাবি করা হয়, চীনা সামরিক যান ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছে। দ্বিতীয়টিতে স্পিয়ার কর্পসের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল গিরিশ কালিয়াকে উদ্ধৃত করে দাবি করা হয় যে, চীন অরুণাচল প্রদেশের কিছু এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে এবং ভারতীয় সেনাকে রসদ বা সরঞ্জাম সরবরাহ করতে দেওয়া হচ্ছে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দুটি ভাইরাল হওয়ার পর দ্রুত সত্যতা প্রকাশ করে বিবৃতি দেয় ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনী জানায়, প্রথম ভিডিওটিতে সিকিমের নাথু লা গিরিপথে ভারত-চীন অনুমোদিত সীমান্ত বাণিজ্যের বাণিজ্যিক যানবাহনের চলাচলকে ভুলভাবে চীনা অনুপ্রবেশ বলে অপপ্রচার চালানো হয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় ভিডিওটিকে সম্পূর্ণ ‘ডিপফেক’ হিসেবে চিহ্নিত করে সেনাবাহিনী জানায়, লেফটেন্যান্ট জেনারেল গিরিশ কালিয়ার ওই বক্তব্যটি ২০২৩ সালের ২৭ অক্টোবর জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনের পুরনো ভিডিও এডিট করে তৈরি করা হয়েছে। অরুণাচল প্রদেশে চীনা নিয়ন্ত্রণ বা সেনা সরবরাহ বন্ধ সংক্রান্ত কোনো মন্তব্য তিনি কখনোই করেননি।

সেনাবাহিনীর এই ব্যাখ্যার পর কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, “ভারতীয় সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে জেনেশুনে ভুয়া এআই ভিডিও ছড়ানোর জন্য কংগ্রেসকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এটি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার সমতুল্য এবং শত্রুদের ঘৃণ্য প্রচারণার অংশ।” ভারতীয় জনতা পার্টিও (BJP) দলগতভাবে কংগ্রেসের এই কর্মকাণ্ডকে সেনাবিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ বলে আক্রমণ করেছে।

এদিকে ভিডিওটি সম্পাদিত বা এডিটেড হওয়ার কথা স্বীকার করলেও এর ভেতরের বার্তাটি সঠিক বলে দাবি করেছে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়ার (NSUI) প্রধান বিনোদ জাখর। এনডিটিভিকে তিনি জানান, দিল্লির যুব বিক্ষোভ দমনে সরকার বাহিনী মোতায়েন করলেও চীনের অনুপ্রবেশের মুখে যথাযথ পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।

ডিআর