কেপটাউন টেস্টের প্রথম দিন দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ৩২৯ রানে অলআউট করেছে সফরকারীরা।
দিনের শেষদিকে মাত্র ছয় বলের মধ্যে দক্ষিণ আফ্রিকার শেষ চার উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় অস্ট্রেলিয়া। স্টার্ক একাই নিয়েছেন ৬ উইকেট।
টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। শুরুটা দুর্দান্ত করে স্বাগতিকরা। মার্কেস অ্যাকারম্যান ও এইডেন মার্করামের উদ্বোধনী জুটিতে আসে ১৪০ রান। অ্যাকারম্যান ৯৫ এবং মার্করাম ৭৮ রান করেন।
অ্যাকারম্যানের বিদায়ের পরই দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে ধস নামে। মাত্র ৭৪ রানের মধ্যে ছয় উইকেট হারায় তারা। ডেভিড বেডিংহাম ৫০ এবং মার্কো ইয়ানসেন ৫২ রান করে দলকে কিছুটা সামলানোর চেষ্টা করেন।
তবে দিনের শেষদিকে নতুন বল হাতে নিয়ে তাণ্ডব চালান স্টার্ক। রায়ান রিকেলটনকে এলবিডব্লিউ করার পর দুই বলের ব্যবধানে ইয়ানসেনকে বোল্ড করেন তিনি। নিজের পরের ওভারে জেরাল্ড কোয়েটজি ও কাগিসো রাবাদাকেও ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ করে দেন এই বাঁহাতি পেসার।
স্টার্ক ৭২ রানে ৬ উইকেট নিয়ে দিনের সেরা বোলার। দক্ষিণ আফ্রিকার ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে নাথান লায়নও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
গেবেখায় দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৩১ রানে হারের পর এই ম্যাচে একাদশে চারটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। চোটের কারণে নেই স্টিভ স্মিথ। তার সঙ্গে বাদ পড়েছেন নিক ম্যাডিনসন, বো ওয়েবস্টার ও স্কট বোল্যান্ড। তাদের জায়গায় খেলছেন ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, কুপার কনোলি ও নাথান লায়ন।
এসএস




Comments