দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন।
তাদের ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যা তথ্য, বিকৃত স্ক্রিনশট ও উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির অভিযোগে সোমবার (২৬ অক্টোবর) ভারতের হায়দরাবাদের সাইবার অপরাধ তদন্ত কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে নিজেদের সম্পর্ক ও বিয়ে নিয়ে কথা বলেন বিজয় ও রাশমিকা। সেখানে বিজয় জানান, রাশমিকাকে বিয়েতে রাজি করাতে তাকে প্রায় ১০০ বার প্রস্তাব দিতে হয়েছিল। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ার পর তাদের সম্পর্ক নিয়ে নানা মন্তব্যের পাশাপাশি বিজয়ের পুরোনো সাক্ষাৎকারের ভিডিওও সামনে আসে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা বাড়তে থাকে।
এরপর সোমবার আট পৃষ্ঠার একটি বিবৃতি প্রকাশ করেন রাশমিকা। তিনি বলেন, সমালোচনা ও ভিন্নমত প্রকাশের অধিকার সবার রয়েছে। তবে সাম্প্রতিক কিছু ঘটনা মতামত প্রকাশের সীমা ছাড়িয়ে ব্যক্তিগত আক্রমণে পরিণত হয়েছে।
বিজয়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে রাশমিকা বলেন, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে দুজনেরই ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন ছিল। বিজয় সেই সিদ্ধান্ত নিতে সময় চেয়েছিলেন। এর অর্থ তাদের ভালোবাসায় কোনো ঘাটতি ছিল না।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাশমিকার সঙ্গে একটি ছবি ও ভিডিও প্রকাশ করেন বিজয়। সেখানে রাশমিকাকে নিজের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে উল্লেখ করেন তিনি এবং জানান, তারা দাম্পত্য জীবনে সুখী।
এদিকে অভিযোগে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে মনগড়া বক্তব্য, বিকৃত স্ক্রিনশট, ভুয়া পরিচয়ে প্রচারণা ও উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের পেছনে কোনো সংঘবদ্ধ বা অর্থের বিনিময়ে পরিচালিত প্রচারণা রয়েছে কি না, তা তদন্তেরও অনুরোধ জানানো হয়েছে।
অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট অনলাইন পোস্টের লিংক ও অন্যান্য তথ্যপ্রমাণ জমা দেওয়া হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, অভিযোগটি পর্যালোচনা করা হচ্ছে। সোমবার রাত পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা নথিভুক্ত হয়নি।
উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ভারতের উদয়পুরে বিয়ে করেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা।
এসএস




Comments