Image description

স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে উর্দার কাছে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৮ জনে দাঁড়িয়েছে। দেশটির সংবাদ সংস্থা এফে আঞ্চলিক সরকারের সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের কর্মকর্তারা জানান, বেসরকারি রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান আইরিওর একটি ট্রেনে ১৪৭ জন যাত্রী ছিলেন। অন্য দ্রুতগতির ট্রেনটিতে ছিলেন ৩৯৭ জন।

তবে থেমে থাকা আইরিওর ট্রেনটির পেছনে অন্য ট্রেনটি ধাক্কা দিয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেনের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতে আদামুজে ঘটে যাওয়া রেল দুর্ঘটনার চেয়েও এবারের পরিস্থিতি ভয়াবহ হতে পারে। ওই দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন।

দুর্ঘটনাকবলিত একটি ট্রেনের যাত্রী সেবাস্তিয়ান হেরেরো জানান, ট্রেনটি থামার কিছুক্ষণ পরই তিনি প্রচণ্ড ধাক্কা অনুভব করেন। এতে তিনি সামনের আসনের ওপর ছিটকে পড়েন। দুর্ঘটনার পর অনেক যাত্রী আহত হন এবং ট্রেনের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছেন। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এসএস