ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৌঁছেছেন ফ্লাভিও বলসোনারো। তার পাসপোর্ট বাতিলের একদিন পর বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকালে মায়ামির একটি বিমানবন্দরে তাকে দেখা যায়।
পরিবারের সদস্যদের নিয়ে মায়ামি-ওপা লোকা এক্সিকিউটিভ বিমানবন্দরে পৌঁছান ফ্লাভিও। বিমান থেকে নামার সময় আলোকচিত্রীরা তাকে ঘিরে ধরেন। এ সময় তার সহযোগীরা ছাতা দিয়ে তাকে আড়াল করার চেষ্টা করেন।
প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিল থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে যাননি ফ্লাভিও। প্রথমে স্থলপথে আর্জেন্টিনায় প্রবেশ করেন তিনি। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাতে স্ত্রী ফার্নান্দা ও দুই মেয়ে লুইজা এবং ক্যারোলিনাকে নিয়ে আর্জেন্টিনায় পৌঁছান তিনি।
পরে তাদের বহনকারী বিমানটি জ্বালানি নিতে ইকুয়েডরের বৃহত্তম শহর গুয়ায়াকিলে থামে। সেখান থেকে তারা যুক্তরাষ্ট্রের মায়ামির উদ্দেশে রওনা হন।
ফ্লোরিডাই তার চূড়ান্ত গন্তব্য কি না, তা এখনো নিশ্চিত নয়। নির্বাচনে পরাজয়ের পর টানা দুই দিন তাকে প্রকাশ্যে দেখা না যাওয়ায় তার অবস্থান নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল।
এদিকে, ব্রাজিলের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফ্লাভিওর পাসপোর্ট জমা দেওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি তা জমা দেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে তার পাসপোর্ট বাতিল করা হয়।
ফ্লাভিওর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে তদন্ত চলছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
এসএস




Comments