Image description

জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে হাসপাতাল, হোম-কেয়ার নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমান। এ সময় তিনি জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশ নেন ডা. জোবাইদা রহমান।

টোকিওর হানেদা ইনোভেশন সিটিতে অবস্থিত ফুজিতা হেলথ ইউনিভার্সিটি হানেদা ক্লিনিক পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। এ সময় ক্লিনিকের উন্নত চিকিৎসাপ্রযুক্তি ও বিভিন্ন স্বাস্থ্যসেবা সম্পর্কে তাকে অবহিত করা হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিশ্বে এ ধরনের মাত্র পাঁচটি সিটি স্ক্যানার রয়েছে। এ ছাড়া ক্লিনিকের পেট-সিটি ও এমআরআই সুবিধা এবং বিভিন্ন নমুনা সংগ্রহে ব্যবহৃত রোবট প্রযুক্তি সম্পর্কেও ধারণা নেন ডা. জোবাইদা রহমান।

পরে টোকিওর বুনকিও-কু এলাকায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটিভিত্তিক হোম-কেয়ার নার্সিং সেন্টার হংগো পরিদর্শন করেন তিনি। সেখানে নার্সিং ও পুনর্বাসন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

দুপুরের খাবারের পর ইউয়েনো পার্কে অবস্থিত টোকিও ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করেন ডা. জোবাইদা রহমান। এ সময় জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন তিনি।

দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেলে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন ডা. জোবাইদা রহমান। পরে জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়ার মধ্য দিয়ে তার দিনের কর্মসূচি শেষ হয়।

এনএ