মাদারীপুরে বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানভীর হাওলাদার (২৫) নামে মাত্র ১৫ দিন আগে বিবাহিত এক ইতালি প্রবাসী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নতুন জীবনের রঙিন স্বপ্ন নিয়ে দাম্পত্য জীবন শুরু করলেও ঘাতক ট্রাক সেই স্বপ্ন চিরতরে কেড়ে নিয়েছে। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।
বুধবার (২৮ অক্টোবর) রাত আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে তানভীর মোটরসাইকেল চালিয়ে মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে নিজের বাড়ি ফিরছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়ক অতিক্রম করার সময় একটি দ্রুতগতির ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি বাইক থেকে মহাসড়কের ওপর ছিটকে পড়েন এবং পেছনের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
মাত্র ১৫ দিন আগে বিয়ে হয়েছিল তানভীরের। নতুন সংসার ও প্রবাস জীবনের সুখের স্বপ্ন গুঁড়িয়ে যাওয়ায় তাঁর স্ত্রী, বাবা-মা ও স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। স্বজনদের কান্নায় চারপাশের পরিবেশ শোকাচ্ছন্ন হয়ে পড়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিআর




Comments