Image description

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা যেমন হতাশার ছিল, দ্বিতীয় সেশনেও তার বড় কোনো পরিবর্তন আসেনি বাংলাদেশের জন্য। দিনের প্রথম সেশনে ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় সেশনেও ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। সেশনে মাত্র একটি উইকেট তুলে নিলেও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৮৯ রান। এরপর আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই চা-বিরতিতে যায় দুদল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে ১ উইকেটে ৮৯ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে জন ক্যাম্পবেল ৫৩ এবং তেজনারায়ণ চন্দরপল ২১ রান নিয়ে উইকেটে অপরাজিত রয়েছেন।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানের মাথায় প্রথম সাফল্য পায় বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের করা পঞ্চম ওভারে অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে উইকেটকিপার জাকের আলি অনিকের গ্লাভসে ক্যাচ দেন ক্যারিবীয় ওপেনার ব্রেন্ডন কিং (১৫)।

তবে এরপর আর কোনো উইকেটের পতন ঘটতে দেননি জন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দরপল। এই দুজনে মিলে দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন থেকে ইতোমধ্যে ৬০ রানের একটি জুটি গড়ে দলকে চালকের আসনে নিয়ে গেছেন। বিকেলের দিকে মিরপুরে প্রথমে আলোকস্বল্পতা এবং পরবর্তীতে বৃষ্টি শুরু হলে আম্পায়াররা আগেভাগেই চা-বিরতির নির্দেশ দেন।

এর আগে সাদমান ইসলামের অনবদ্য সেঞ্চুরির সুবাদে বড় সংগ্রহের দারুণ আশা জাগিয়েও দ্বিতীয় দিনের সকালে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দিনের প্রথম সেশনে মাত্র ৫৯ রান যোগ করতেই স্বাগতিকরা হারিয়ে বসে তাদের শেষ ৭টি উইকেট। শেষ ১০ রান তুলতে গিয়েই বাংলাদেশ হারায় ৪টি উইকেট। ফলে প্রথম ইনিংসে ২৭২ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।

দলের পক্ষে ওপেনার সাদমান ইসলাম চমৎকার ব্যাটিং করে তাঁর টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন (সর্বোচ্চ ১০৫ রান)। এছাড়া মিডল অর্ডারে তাওহীদ হৃদয় করেন ৪২ রান এবং আঙুলে চোট পেয়েও সাহসিকতার সঙ্গে খেলে অপরাজিত ৩৪ রানের লড়াকু ইনিংস উপহার দেন লিটন দাস।

ক্যারিবীয় বোলারদের মধ্যে দুর্দান্ত বোলিং করে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফাইফার শিকার করেন বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকান। এ ছাড়া শামার জোসেফ ও জশুয়া বিশপ ২টি করে উইকেট লাভ করেন।

ডিআর