বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরীর ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে মোটরসাইকেলটি পাওয়া গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলের কাছাকাছি থেকে তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দীপ নামের এক ব্যক্তির সঙ্গে বাসা থেকে বের হন তাহসিফ। পরে তুরাগ নদ থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর। তাকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযানও চালানো হয়।
দীপের দেওয়া বক্তব্যসহ জিজ্ঞাসাবাদে পাওয়া বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করছে তদন্ত সংস্থা। পিবিআই প্রধান মোস্তফা কামাল জানান, দীপকে হেফাজতে নেওয়ার পর তাঁরা বেশ কিছু তথ্য পেয়েছেন। তবে তদন্তের স্বার্থে এখনই সেগুলো প্রকাশ করতে চাননি তিনি।
অন্যদিকে, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ।
এনএ




Comments