Image description

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করেন, জাতীয় দলে বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে তাঁর অভিজ্ঞতা ও পারফরম্যান্সের এখনও তীব্র প্রয়োজন রয়েছে। দলে তাঁর অবদানের প্রয়োজনীয়তা রয়েছে বলেই আবারও লাল-সবুজ জার্সিতে মাঠে নামার ইচ্ছা পোষণ করছেন তিনি।

সম্প্রতি ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম বিডিক্রিকটাইম-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সাকিব আল হাসান তাঁর জাতীয় দলে ফেরা ও বর্তমান অনুভূতি নিয়েখোলামেলা কথা বলেছেন।

জাতীয় দলে খেলার তাড়না নিয়ে সাকিব বলেন, “হয়তো খেলার ইচ্ছা থাকত না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে জাতীয় দলে এখনও আমাকে দরকার, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে।”

সামনেই ওয়ানডে বিশ্বকাপ। অথচ সম্প্রতি বাংলাদেশ ওয়ানডে দলের পারফরম্যান্স খুব একটা ছন্দে নেই। বিশেষ করে মিডল অর্ডারে সাকিবের মতো অভিজ্ঞ অলরাউন্ডারদের অভাব স্পষ্ট ফুটে উঠছে। বোলাররা ধারাবাহিক ভালো করলেও ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় দল কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না।

এ প্রসঙ্গে সাকিব আরও যোগ করেন, “যেখানে (ওয়ানডে ফরম্যাটে) আমরা বর্তমানে সংগ্রাম করছি, সেখানে দলে আমার অবদান রাখার যথেষ্ট সুযোগ আছে বলে আমি মনে করি।”

অবশ্য সাকিব কবে দেশে ফিরবেন এবং জাতীয় দলের চেনা আঙিনায় যুক্ত হবেন—তা নিয়ে এখনও অনেক অনিশ্চয়তা ও প্রশাসনিক সমীকরণ বাকি। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরা সহজ হবে কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা তুঙ্গে। তবে সাকিব বিশ্বাস করেন, যে দিনই তিনি মাঠে ফিরবেন, ভক্ত-সমর্থকদের আগের মতোই ভালোবাসা ও সমর্থন পাবেন।

সাকিব বলেন, “আমি কবে ফিরব—এটা তো আমার পক্ষে এই মুহূর্তে সুনির্দিষ্ট করে বলা মুশকিল। তবে আমি নিশ্চিত, সমর্থক ও সাধারণ মানুষ সবাই আমাকে সবসময় সাপোর্ট করবে।”

ডিআর