Image description

আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সাধারণ জনগণকে জিম্মি করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। আন্দোলন করে রাজপথে সরকার গঠন করা যায় না উল্লেখ করে তিনি বলেন, সরকার পরিবর্তনের একমাত্র বৈধ ও গণতান্ত্রিক পথ হলো জনগণের নির্বাচন।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা ও আন্দোলনের কঠোর সমালোচনা করে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, “আন্দোলন করে কি সরকার হওয়া সম্ভব? সরকার গঠনের একমাত্র সাংবিধানিক পথ হলো সাধারণ নির্বাচন। যারা আন্দোলনের নামে দেশে অস্থির পরিবেশ ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন, তাদের বুঝতে হবে—দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনগণের কল্যাণই সবার আগে।”

তিনি আরও যোগ করেন, “আমরা চাই দেশে সবসময় সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার যদি ভালো কাজ করে, তবে দেশের জনগণ তার ইতিবাচক সুফল ভোগ করবে। আর সরকার যদি আশানুরূপ কাজ করতে না পারে, তবে পরবর্তী নির্বাচনে জনগণ তাদের মূল্যবান ভোটের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দেশে একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের নিয়মিত গণতান্ত্রিক ধারা আমাদের প্রতিষ্ঠা করতেই হবে।”

রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংঘাতের বিষয়ে সতর্ক করে চিফ হুইপ বলেন, “রাজনীতিতে মতপার্থক্য থাকবেই। কিন্তু আমরা যদি নিজেরা নিজেদের মধ্যে অহেতুক বিরোধ ও সংঘাত তৈরি করি, তবে তার পূর্ণ সুযোগ নেবে অন্য একটি পক্ষ। দুই ভাই যখন নিজেদের মধ্যে ঝগড়া করে, তখন পাশের বাড়ির লোক এসে মিটমাটের কথা বলে সুযোগ বুঝে দুই ভাইয়ের সম্পত্তিই কিনে নেওয়ার চক্রান্ত করে। আমরা নিজেরা বিভক্ত হলে লাভ কার?”

তিনি অনুশোচনা প্রকাশ করে বলেন, “স্বাধীনতার ৫৪ বছরে আমরা নিজেদের মধ্যে বহু অহেতুক দ্বন্দ্বে জড়িয়ে বহুমূল্য সময় নষ্ট করেছি। দেশটা যদি ধ্বংস হয়ে যায়, তবে আমরা পরবর্তী প্রজন্মের কাছে কী জবাব দেব? তাই এখন দ্বন্দ্ব ভুলে দেশকে সম্মিলিতভাবে এগিয়ে নেওয়ার প্রকৃত সময় এসেছে।”

সাম্প্রতিক বিভিন্ন আন্দোলন ও কৃত্রিম জ্বালানি সংকট প্রসঙ্গে নূরুল ইসলাম মনি জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় তার ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকার বিপুল ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, “এমন পরিস্থিতিতেও কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারকে তথা দেশের ২০ কোটি মানুষকে জিম্মি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশের স্বার্থে এ ধরনের ধ্বংসাত্মক ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানাই।”

ডিআর