Image description

বাগেরহাটের প্রবেশদ্বার কাটাখালী গোলচত্বর যেন জনসমুদ্র। ১১ দলীয় লং মার্চ সফল করার লক্ষ্যে আয়োজিত পথসভায় হাজারো মানুষের ঢলে পুরো গোলচত্বর এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শনিবার (৩১ অক্টোবর) বিকালে এই পথসভাকে কেন্দ্র করে পুরো এলাকায় সাজ সাজ রব পড়ে যায়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। তিনি তার ভাষণে সরকারকে উদ্দেশ্য করে বলেন,"আমরা আর কোনো তালবাহানা শুনতে চাই না। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং জনগণের প্রাণের দাবি ৭ দফা মেনে নিতে হবে। যদি এই দাবি না মানা হয়, তাহলে আগামীতে আমরা এক দফা দাবি আদায়ে রাজপথে নামতে বাধ্য হবো।"

তিনি আরও বলেন, "এই লং মার্চ কোনো ক্ষমতার লং মার্চ নয়, এই লং মার্চ হলো দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও মানবাধিকার ফিরিয়ে আনার লং মার্চ।"

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি তার বক্তব্যে বলেন, ১১ দল ঐক্যবদ্ধ, জনগণ প্রস্তুত, এবার গণজোয়ার ঠেকানো যাবে না।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, জেলা নায়েবে আমীর ও রামপাল-মোংলার গণমানুষের নেতা, সাবেক ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মাওলানা আব্দুল ওয়াদুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের এমপি অধ্যক্ষ মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের এমপি মনজুরুল ইসলাম রাহাদ, বাগেরহাট-৪ আসনের এমপি অধ্যক্ষ আব্দুল আলীম, জেলা জামায়াতের সেক্রেটারি ইউনুস আলী, সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. ইকবাল হোসাইন সহ জেলা ও উপজেলার ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

বক্তারা আগামী দিনে ঘোষিত লং মার্চ সফল করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান। পথসভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ডিআর