Image description

ভারতের ভারতের জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও দেশটির খ্যাতনামা জ্যেষ্ঠ সাংবাদিক নিধি রাজদান আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজেদের বিয়ের ছবি শেয়ার করে ওমর আবদুল্লাহ নিজেই এই আনন্দঘন জীবনের সূচনা পর্বের ঘোষণা দেন।

নবপরিণীতা স্ত্রী নিধি রাজদানকে ট্যাগ করে ওমর আবদুল্লাহ ক্যাপশনে লেখেন, “গতকাল (শুক্রবার) থেকে আমাদের এক নতুন জীবনযাত্রা শুরু হলো।”

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, প্রাক্তন স্ত্রী পায়েল নাথের সঙ্গে আদালতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত বিবাহবিচ্ছেদের মাত্র তিন মাসের মাথায় হিন্দু ধর্মাবলম্বী সাংবাদিক নিধির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ।

এর আগে ১৯৯৪ সালে অবসরপ্রাপ্ত ভারতীয় সেনাসদস্য রাম নাথের মেয়ে পায়েল নাথকে বিয়ে করেছিলেন ওমর। দিল্লির বিখ্যাত ওবেরয় হোটেলে চাকরির সুবাদে তাঁদের পরিচয় ও পরবর্তীতে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এই দম্পতির জাহির ও জামির নামে দুই পুত্রসন্তান রয়েছে। তবে ২০০৯ সাল থেকে ওমর ও পায়েল আলাদা বসবাস করছিলেন এবং ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ্যে আনেন।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৬ সালের ৩১ জুলাই ভারতের সুপ্রিম কোর্ট তাঁদের সর্বসম্মত বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর করে। যৌথ সম্মতিতে সব ধরনের পারিবারিক বিরোধ নিষ্পত্তি করে পারস্পরিক মামলার ইতি টেনেছিলেন তাঁরা।

অন্যদিকে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি রাজদানও তাঁর নিজ এক্স অ্যাকাউন্টে বিয়ের একাধিক ছবি পোস্ট করে মজার ছলে লেখেন, “কাজটা অবশেষে হয়েই গেল, ব্রো!” (Got done, bro!)।

উল্লেখ্য, ওমর আবদুল্লাহ এবং নিধি রাজদান—উভয়ের জন্যই এটি দ্বিতীয় বিবাহ। এর আগে ২০০৫ সালে বলিউডের প্রখ্যাত গীতিকার, লেখক ও সাংবাদিক নীলেশ মিশরাকে বিয়ে করেছিলেন নিধি রাজদান। তবে ২০০৭ সালে তাঁদের বিচ্ছেদ ঘটেছিল। দীর্ঘ দিনের বন্ধুত্বের পর এবার কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে জীবনসঙ্গী হিসেবে নতুন যাত্রা শুরু করলেন এনডিটিভির সাবেক এই তারকা সাংবাদিক।

ডিআর