যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি ব্যবসায়িক বিমান (বিজনেস জেট) বিধ্বস্ত হয়ে ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) দুপুরে পাম বিচ কাউন্টির ক্রেস্টহ্যাভেন এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি দুর্ঘটনায় প্রাণহানির বিষয়টি নিশ্চিত করে এটিকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। বাংলাদেশ সময় তখন রাত ১০টা ৫০ মিনিট। দুর্ঘটনাস্থল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্ট থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, লিয়ারজেট ৬০ মডেলের বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাচ্ছিল।
দুর্ঘটনার পর ঘটনাস্থলের সড়কে বড় গর্ত ও আগুন জ্বলতে দেখা যায়। সড়কের বিভিন্ন স্থানে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।
পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, মিলিটারি ট্রেইল নামের ছয় লেনের সড়কে বিমানটি বিধ্বস্ত হয়। সড়কটির আশপাশে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও খাবারের দোকান রয়েছে। দুর্ঘটনার পর নিরাপত্তার কারণে ওই এলাকা এড়িয়ে বিকল্প পথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
পাম বিচ কাউন্টি ফায়ার রেসকিউ ঘটনাটিকে ব্যাপক প্রাণহানির আশঙ্কাযুক্ত জরুরি পরিস্থিতি হিসেবে ঘোষণা করেছে। বিমানটির আরোহীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।




Comments