রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আজ আবারও মাঠে নামার চেষ্টা করেন শ্রমিকরা। এসময় ২৩ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) সকালে মিরপুর-১০ ও মিরপুর-১৪ নম্বর এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে মিরপুরের দুটি এলাকায় শ্রমিকরা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন কারখানার ভেতরে ফিরে যান। পরে আন্দোলনে নামার চেষ্টার অভিযোগে ২৩ জনকে আটক করা হয়।
ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, সোমবার এখন পর্যন্ত ২৩ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে।
এর আগে রোববার (১ নভেম্বর) মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় ১১ জনকে আটক করে পুলিশ।
শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে মিরপুর এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিশেষায়িত বাহিনী মোতায়েন রাখা হয়েছে।
বিএইচ




Comments