Image description

শিল্পাঞ্চল আশুলিয়ায় ন্যূনতম বেতন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। আজ সোমবার সকালে নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন স্থানে শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, সকালে শ্রমিকরা নবীনগর-চন্দ্রা সড়ক ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নেন। পরে পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সকালে ন্যূনতম বেতন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে নবীনগর-চন্দ্রা সড়কের বাড়ইপাড়া এলাকায় অবস্থান নেন পোশাকশ্রমিকরা। পরে আশুলিয়া থানা পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

অন্যদিকে নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করে কর্মবিরতি শুরু করেন। পরে তাঁরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অনন্ত গার্মেন্টসের সামনে জড়ো হন। এ সময় নিট এশিয়া, আল-মুসলিম, টাউজার লাইন ও অনন্ত গার্মেন্টসসহ কয়েকটি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা সড়কে অবস্থান নিলে পুলিশ তাঁদের সরানোর চেষ্টা করে। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে নিউ এইজ পোশাক কারখানার এক শ্রমিক বলেন, তাঁরা ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। কিন্তু পুলিশ এসে তাঁদের ধাওয়া দিচ্ছে। এ ছাড়া রোববার পুলিশ তাঁদের কারখানার দুই শ্রমিককে গ্রেপ্তার করেছে বলেও দাবি করেন তিনি। আটক শ্রমিকদের অবিলম্বে মুক্তির দাবি জানান ওই শ্রমিক।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, সকালে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়ে কর্মবিরতি শুরু করেন। নিউ এইজ পোশাক কারখানার দুই শ্রমিককে রোববার আটক করার অভিযোগে ওই কারখানার শ্রমিকেরা সোমবারও বিক্ষোভ করেন। শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনে আটকের ঘটনাকে নিন্দনীয় বলে উল্লেখ করেন তিনি।

এবিষয়ে ওসি তরিকুল ইসলাম জানান, রোববার নিউ এইজ পোশাক কারখানার একজন শ্রমিককে আটক করা হয়েছে। তবে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, রোববার ১৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। সোমবার কতটি কারখানা চালু রয়েছে, তা পরিস্থিতি স্বাভাবিক না থাকায় নিশ্চিত হওয়া যায়নি।

বিএইচ