Image description

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তার তথাকথিত ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই রিমান্ড আবেদন জমা দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে এই রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে, শনিবার একই মামলায় পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

দ্বিতীয় দফায় রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রথম দফার জিজ্ঞাসাবাদে আসামি দীপ ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে আসামি অত্যন্ত চতুর প্রকৃতির হওয়ায় অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরবতা পালন করেছেন। তাই তথ্যগুলো নিবিড়ভাবে যাচাই-বাছাই ও রহস্য উন্মোচনে তাঁকে পুনরায় রিমান্ডে নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, ঘটনার দিন অর্থাৎ ২৭ অক্টোবর নিহত সাউরিকে নিয়ে টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন আসামি দীপ। প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডের সঙ্গে দীপের সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় ছোট ভাই দীপের ডাকে উত্তরখানের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ সাউরি। রাতে বাড়ি না ফেরায় পরিবার যোগাযোগ করলে তিনি জানান কিছুক্ষণের মধ্যে ফিরছেন। রাত ১টা ৩৫ মিনিটে তাঁর মায়ের মেসেঞ্জারে ‘রওনা দিয়েছি, আসছি’ মর্মে একটি ভয়েস মেসেজও পাঠান তিনি।

তবে পরদিন ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে ২৯ অক্টোবর উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এই ঘটনায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে গত ৩০ অক্টোবর রাতে রাজধানীর উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ওই মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখায় পুলিশ।

ডিআর