Image description

হুথি বিদ্রোহীদের হামলার আশঙ্কা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবে আগামী বছর অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের সূচি পিছিয়ে দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। নতুন সূচি অনুযায়ী, টুর্নামেন্টটি ২০২৭ সালের ২৩ ডিসেম্বর থেকে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত আয়োজনের প্রস্তাব করা হয়েছে। তবে নতুন তারিখ চূড়ান্ত করতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অনুমোদন প্রয়োজন।

আগের সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এশিয়ান কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এএফসি জানায়, আঞ্চলিক পরিস্থিতির কারণে লজিস্টিক জটিলতা ও ভ্রমণ বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। অংশগ্রহণকারী দল, কর্মকর্তা, দর্শক ও সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় টুর্নামেন্টের সময়সূচি পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এএফসি আরও জানিয়েছে, নতুন তারিখগুলো অনুমোদনের জন্য ফিফার কাছে উপস্থাপন করা হবে।

প্রথমবারের মতো এশিয়ান কাপ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। দেশটি ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপেরও আয়োজক। টুর্নামেন্টের জন্য নির্ধারিত আটটি স্টেডিয়ামের মধ্যে পাঁচটি রিয়াদে অবস্থিত। কিং ফাহদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ফাইনালসহ মোট ৫১ ম্যাচের মধ্যে ৩০টি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এদিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদি আরবের কয়েকটি স্থানে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিমানবন্দরে ১১ দিনে অন্তত ২০টি হামলায় ১৭ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হওয়ার খবরও প্রকাশিত হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত বাড়লেও গত মাসে এএফসি সভাপতি শেখ সালমান জানিয়েছিলেন, এশিয়ান কাপ আয়োজনের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং নির্ধারিত সময়েই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিল সংস্থাটি।

এনএ