যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছে জনপ্রিয়তা কমে গেলে দেশ ছেড়ে ইসরায়েলে চলে যাওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, সেখানে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, ইসরায়েলে তার জনপ্রিয়তা ৯৯ শতাংশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন ফক্স নিউজের অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ যদি কখনো আমার ওপর বিরক্ত হয়ে যায়, তাহলে আমি ইসরায়েলে চলে যাব এবং প্রধানমন্ত্রী হব।
এ সময় ইসরায়েলকে দেওয়া মার্কিন আর্থিক সহায়তা বন্ধের পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। তিনি বলেন, দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে তার সমঝোতা হয়েছে। সেই অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে বছরে ৪ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র।
ট্রাম্পের মতে, ইসরায়েলের এখন আর এই অর্থের প্রয়োজন নেই। তবে ভবিষ্যতে দেশটির সহায়তার প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।
এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলকে অর্থ সহায়তা দেওয়ার বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে তার একটি চুক্তি হয়েছে। কয়েক মাস আগেই সহায়তা বন্ধের বিষয়ে তারা একমত হয়েছেন। চলতি বছরের শেষ নাগাদ অর্থ দেওয়া বন্ধ করা হলেও প্রয়োজনের সময় ইসরায়েলকে সহযোগিতা করা হবে।
ইসরায়েলকে মার্কিন অর্থ সহায়তা দেওয়ার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু ডেমোক্র্যাট ও বামপন্থী রাজনীতিক রিপাবলিকানদের সমালোচনা করছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প। এ সময় মিশিগানের সিনেটর পদপ্রার্থী আব্দুল এল-সায়েদের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ। এ নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে প্রতিদ্বন্দ্বিতা করছে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শাসনামলে কংগ্রেসে ক্ষমতার ভারসাম্য নির্ধারণে এ নির্বাচনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
বিএইচ




Comments