Image description

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সমতায় ফেরার লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতেছেন সফরকারী অধিনায়ক রোস্টন চেজ। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবীয়রা। ফলে টস হেরে ফিল্ডিংয়ে নামছে নাজমুল হোসেন শান্তর দল।

মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। ফলে সিরিজ বাঁচানোর এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও ডানহাতি পেসার তাসকিন আহমেদ।

প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পেয়েছিলেন মুমিনুল হক। তার পরিবর্তে কনকাশন বদলি হিসেবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছিলেন জাকের আলি অনিক। নিয়ম অনুযায়ী, কনকাশন বদলি হিসেবে খেলোয়াড় মাঠে নামার পরবর্তী সাত দিনের মধ্যে ম্যাচ থাকলে সংশ্লিষ্ট খেলোয়াড়ের খেলার সুযোগ থাকে না। ফলে মুমিনুলের জায়গায় দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা পেয়েছেন মুশফিক।

অন্যদিকে, শরিফুল ইসলামের পরিবর্তে দলে এসেছেন তাসকিন আহমেদ। এই ম্যাচেও দুই পেসার ও তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। মুমিনুল না থাকায় ব্যাটিং অর্ডারেও পরিবর্তন আসছে। নির্ধারিত পজিশনের আগেই ব্যাট করতে নামবেন অধিনায়ক শান্ত ও তাওহীদ হৃদয়।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে ম্যাচটি।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের একাদশেও এসেছে দুটি পরিবর্তন। ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ায় খেলতে পারছেন না ওপেনার জনাথন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দরপল। তাদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা। এ ছাড়া এই ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হচ্ছে কেভিন উইকহ্যামের।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জশুয়া ডি সিলভা, ব্রেন্ডন কিং, কেভিন উইকহ্যাম, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), রোস্টন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রিভস, জশুয়া বিশপ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান ও জেইডেন সিলস।

বিএইচ