প্রধানমন্ত্রীর খুলনা সফরের মধ্যেই বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে তরিকুল ইসলাম (৩৫) নামে এক ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফার সানার চায়ের দোকানে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত তরিকুল ইসলাম ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে তরিকুল ইসলাম জোড়া বটতলা এলাকার গফফার সানার চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে দোকানে প্রবেশ করে। পরে তারা খুব কাছ থেকে তরিকুলের মাথায় গুলি করে। গুলির শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সুযোগে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে খুলনা-দৌলতপুর সড়ক দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়।
খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের দাবি, এলাকাকে অস্থিতিশীল করা এবং রাজনৈতিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। তাঁরা দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের মধ্যেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এসএ




Comments